ঢাকা | ভিসা নিউজ ২১ ডেস্ক | ২০ মে ২০২৬
বাংলাদেশে চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু ট্রাভেল এজেন্সির অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে Embassy of China in Bangladesh। দূতাবাস জানিয়েছে, ভুয়া কাগজপত্র জমা দেওয়া, অতিরিক্ত ফি গোপন রাখা, চীনা ভিসা পাওয়া কঠিন—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং আবেদনকারীদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ পাওয়া গেছে কয়েকটি এজেন্সির বিরুদ্ধে।
দূতাবাসের মতে, এসব অনিয়ম শুধু ভিসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে না, বরং সাধারণ আবেদনকারীদের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির কারণও হয়ে উঠছে।
এ পরিস্থিতি মোকাবিলায় চীনা দূতাবাস নতুন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জুলাই ২০২৬ থেকে বাংলাদেশে যেসব ট্রাভেল এজেন্সি আবেদনকারীদের পক্ষে চীনা ভিসা আবেদন করবে, তাদের জন্য আইএটিএ (International Air Transport Association – IATA) স্বীকৃতি বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস আরও স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ট্রাভেল এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়া হয় না এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আবেদনকারীদের দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পেতে সম্পূর্ণ ও সঠিক কাগজপত্রসহ সরাসরি অফিসিয়াল চীনা ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত ভিসাসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের জনগণের পারস্পরিক যাতায়াত আরও সহজ করতে ভবিষ্যতেও নতুন উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া দূতাবাস সতর্ক করে বলেছে, তারা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে একচ্ছত্র ভিসা এজেন্সি হিসেবে অনুমোদন বা সুপারিশ করেনি। কেউ যদি দূতাবাসের নাম ব্যবহার করে বাণিজ্যিক ভিসা কার্যক্রম পরিচালনা করে বা বিশেষ সুবিধার দাবি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ আবেদনকারীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
তথ্য ও ছবি: চীনা দূতাবাস
প্রতিবেদন: ভিসা নিউজ ২১ ডেস্ক